প্রতিবেদন: সিরাজুল ইসলাম / শাহজাদপুর / প্রান্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং প্রতিবেশী শাহজাদপুর উপজেলার সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থানগুলোতে বর্ষা ও পরবর্তী সময়ে জলকেন্দ্রিক বিনোদনের আমেজ বাড়লেও একশ্রেণীর উশৃঙ্খল বখাটে যুবকদের অসভ্য কর্মকাণ্ডে বিষিয়ে উঠেছে সামগ্রিক পরিবেশ। বিশেষ করে ঐতিহ্যবাহী উধুনিয়া বিল ও আশেপাশের নদীঘেঁষা মনোরম এলাকাগুলোতে পরিবার-পরিজন এবং প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীরা চরম বিড়ম্বনা, ইতস্তত বোধ ও নিরাপত্তারহীনতায় ভুগছেন। নৌকা পিকনিকের নামে একদল উদণ্ড যুবকের অশ্লীল নৃত্য ও কুরুচিপূর্ণ আচরণে ওই এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া ও শাহজাদপুর অঞ্চলের প্রাকৃতিক জলাধার এবং চলনবিল সংলগ্ন প্রাকৃতিক স্পটগুলোতে প্রতিদিন হাজারও পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আগমন করেন। দূর-দূরান্ত থেকে মানুষ পরিবার ও শিশু-সন্তানদের নিয়ে একটু প্রশান্তির খোঁজে নৌভ্রমণে আসেন। তবে সাম্প্রতিক সময়ে সাউন্ডবক্সে উচ্চশব্দে কানফাটা গান বাজিয়ে বিশাল আকারের ইঞ্জিনচালিত নৌকায় করে আসা একশ্রেণীর বখাটে যুবক এই বিনোদন পরিবেশকে বিষাক্ত করে তুলছে। ঘাট কিংবা অন্য কোনো নৌকায় নারী ও মেয়েমানুষ দেখলেই এসব বখাটে যুবকেরা চড়াও হয়ে অশালীন ইঙ্গিত ও অশ্লীল অঙ্গভঙ্গিতে ডান্স শুরু করে দেয়।
আরও পড়ুন: হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটোয়ারীসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
বিশেষ করে উল্লাপাড়ার উধুনিয়া বিল এলাকায় পরিবার নিয়ে আসা দর্শনার্থীরা সবচেয়ে বেশি অপ্রস্তুত ও লজ্জিত অবস্থায় পড়ছেন। প্রকাশ্যে নারীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ইশারা, উচ্চশব্দে বিকট আওয়াজ ও নৌকার ছাদে অশালীন অঙ্গভঙ্গির কারণে সুস্থ ধারার বিনোদনপ্রেমী মানুষ বাধ্য হয়ে স্থান ত্যাগ করছেন। এতে করে ঐতিহ্যবাহী উধুনিয়ার মতো একটি মনোরম পর্যটনকেন্দ্রের নাম ও ভাবমূর্তি প্রতিনিয়ত কালিমালিপ্ত হচ্ছে। অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করে জানান যে, চোখের সামনে এমন কুরুচিপূর্ণ কর্মকাণ্ড দেখার পর নারীদের নিয়ে কোনো পর্যটন স্পটে আসাই যেন দায় হয়ে পড়েছে।
আরও পড়ুন: মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ নুরুদ্দিনের বিশ্বজয়
উধুনিয়া ও আশেপাশের পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা ভুক্তভোগী দর্শনার্থী ও সুশীল সমাজের প্রতিনিয়ত দাবি জানাচ্ছে যে, এসব বখাটেদের লাগাম এখনই না টানলে এলাকাটিতে পারিবারিক বিনোদনের কোনো স্থান অবশিষ্ট থাকবে না। অবিলম্বে নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উধুনিয়া ও শাহজাদপুরের ওয়াটার ট্যুরিজম স্পটগুলোতে সার্বক্ষণিক মোবাইল কোর্ট ও কঠোর পুলিশি টহল জোরদার করার তাগিদ দিচ্ছেন তারা। দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সাউন্ডবক্সের নামে উচ্চশব্দ ও অশ্লীল নৃত্য বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের জোর দাবি জানানো হচ্ছে।
সূত্র: উধুনিয়া ও শাহজাদপুর এলাকার স্থানীয় ভুক্তভোগী দর্শনার্থী।
