শাহজাদপুরে কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে চড়ে প্রধান শিক্ষিকার রাজকীয় বিদায়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুন্নাহারকে দীর্ঘ কর্মজীবন (প্রায় ৩১ বছর) শেষে অবসর উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করানো হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোছাম্মৎ রত্না খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আলমাছ আলী, শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন এবং ইউপিইটিসির ইন্সট্রাক্টর আয়েশা আক্তারসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক হাবিবুন্নাহারের দীর্ঘ কর্মজীবন, পেশাগত নিষ্ঠা এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শিক্ষকতা পেশায় তাঁর দীর্ঘদিনের শ্রম ও আন্তরিকতা শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।উল্লেখ্য, ১৯৯৬ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন হাবিবুন্নাহার। দীর্ঘ কর্মজীবনে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার তিনি অবসরে যান। তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে আয়োজকেরা ব্যতিক্রমী এ সংবর্ধনার আয়োজন করেন।


