ব্রেকিং নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট: অ্যাম্বুলেন্সে আটকা পড়ে রোগীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট: অ্যাম্বুলেন্সে আটকা পড়ে রোগীর মৃত্যুছবি: সংগৃহীত

প্রতিবেদন: সিরাজুল ইসলাম / শাহজাদপুর / প্রান্ত বাংলা নিউজ

দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নজিরবিহীন ও দীর্ঘস্থায়ী যানজটে আটকে থেকে বিনা চিকিৎসায় আমিরুন্নেছা নামের এক মুমূর্ষু নারী রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশরিয়ারচর এলাকায় ঢাকামুখী লেনে সড়ক সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকে মহাসড়কটিতে ভয়াবহ স্থবিরতা নেমে আসে। একপর্যায়ে তা প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে রূপ নেয়, যার বলি হতে হলো জীবন সংকটে থাকা এক সাধারণ রোগীকে।

আরও পড়ুন: ক্ষেতলালে প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে নতুন জীবনের ঘোষণা যুবকের

যানজটে আটকে প্রাণ হারানো আমিরুন্নেছা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার রাতে হঠাৎ তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে একটি জরুরি অ্যাম্বুলেন্সযোগে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি পৌঁছালে ভয়াবহ যানজটের মুখে চাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে। একটানা দীর্ঘ চার ঘণ্টা অ্যাম্বুলেন্সে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রাত ৩টার দিকে পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মহাসড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট অব্যাহত ছিল। পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীরা চরম ভোগান্তির চিত্র তুলে ধরে জানান, দূরপাল্লার বহু বাস ও যানবাহন সারারাত এক জায়গাতেই আটকে ছিল। চট্টগ্রাম থেকে খুলনাগামী একাধিক যাত্রী জানান, সন্ধ্যায় রওনা হয়ে রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় যানজটে আটকা পড়েন তাঁরা। পরবর্তীতে প্রায় সাড়ে ৫ ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার পথ অতিক্রম করে সকালে আমিরাবাদ এলাকায় পৌঁছাতে সক্ষম হন।

আরও পড়ুন: মসজিদের কক্ষ থেকে তরুণ মুয়াজ্জিনের রহস্যজনক মরদেহ উদ্ধার

ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী সুরমা পরিবহনের বাসচালক রিপন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের প্রধান এই মহাসড়কে হঠাৎ সংস্কারকাজের কারণে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বাসের ভেতর প্রচণ্ড গরমে অবর্ণনীয় কষ্টে দিন পার করছেন। মহাসড়কের মতো সংবেদনশীল সড়কে দিনে বা ব্যস্ত সময়ে সংস্কারকাজের ক্ষেত্রে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রশাসনের সার্বক্ষণিক তদারকি থাকা অত্যন্ত জরুরি বলে মনে করছেন ভুক্তভোগী যাত্রী ও চালকেরা।

সূত্র: হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী

একটি মন্তব্য পোস্ট করুন

প্রান্ত বাংলা নিউজে আপনাকে স্বাগতম। মতামত প্রকাশের ক্ষেত্রে শালীনতা বজায় রাখুন। কোনো প্রকার অশালীন, হিংসাত্মক বা বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।

নবীনতর পূর্বতন