প্রতিবেদন: সিরাজুল ইসলাম / শাহজাদপুর / প্রান্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া নদীর প্রাণপ্রবাহ পুনরুদ্ধার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এক বিশেষ মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জলজ পরিবেশ সুরক্ষায় গৃহীত এই পরিবেশবান্ধব কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপি।
আয়োজক সূত্রে জানা যায়, করতোয়া নদীতে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন বৃদ্ধি, জলজ প্রাণিকুলের বংশবৃদ্ধি এবং নদীর দুই তীরের ভাঙন রোধসহ সার্বিক সবুজায়নের উদ্দেশ্যেই এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে করতোয়া নদীর পানিতে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি নদীর পাড়ে পরিবেশবান্ধব ও ফলদ-বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপি বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী ও বৃক্ষের ভূমিকা অপরিসীম। নদীগুলোতে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং নদীর তীরকে সবুজে সুশোভিত করার এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তাই নদীদূষণ রোধ এবং প্রকৃতি সুরক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: রানা প্লাজা নির্মাণে দুর্নীতি ও অনিয়মের মামলার রায় আজ
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য ও বন বিভাগের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র: শাহজাদপুর উপজেলা মৎস্য দপ্তর ও স্থানীয় প্রতিনিধি
